দেশের ব্যাংক খাতে অনিয়ম, দুর্বল আর্থিক প্রতিবেদন ও বাড়তে থাকা খেলাপি ঋণ নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কিছু ব্যাংকের মালিকপক্ষের বিলাসী জীবনযাপন ও অদক্ষ ব্যবস্থাপনা পুরো আর্থিক ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলছে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ।
অর্থমন্ত্রী একটি ব্যাংকের উদাহরণ টেনে বলেন, অতীতে একটি ব্যাংকের খেলাপি ঋণ ৯৬ শতাংশে পৌঁছেছিল, যা পরবর্তীতে ৫৬ শতাংশে নামানোর দাবি করা হয়। এমন পরিস্থিতি ব্যাংক পরিচালনায় অদ্ভুত ও উদ্বেগজনক মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যাংক মালিকদের দেশ-বিদেশে জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে, যা আর্থিক খাতের জন্য ইতিবাচক নয়।
ব্যাংকিং খাতের দুর্বল নিরীক্ষা ও আর্থিক প্রতিবেদনের ঘাটতিকে অনিয়মের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তার মতে, সঠিক তথ্য না থাকায় প্রকৃত আর্থিক অবস্থা আড়াল হয়ে যায়, ফলে সিদ্ধান্ত গ্রহণেও বিভ্রান্তি তৈরি হয়।
অনুষ্ঠানে তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে পুঁজিবাজারে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা হবে। সেখানে রাজনৈতিক ব্যক্তিদের বদলে পেশাদারদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ব্যাংক খাতের মূলধন ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা ও বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাজেটে অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে প্রান্তিক জনগোষ্ঠী ও গ্রামীণ অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রী ও নীতিনির্ধারকরাও বিভিন্ন খাতের সংস্কার, বাজার নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।