তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে বাংলাদেশ সবসময় তাদের পাশে থাকবে।
রোববার ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত ‘নাকবা’ বা মহাদুর্যোগ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
১৯৪৮ সালে ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে লাখো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘মহাদুর্যোগ’ হিসেবে স্মরণ করে। এ উপলক্ষে ফিলিস্তিন দূতাবাস প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একইসঙ্গে ফিলিস্তিনের প্রতি ধারাবাহিক সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান সবসময় স্পষ্ট। তিনি ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।