আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা করছে সরকার। ঈদুল আজহার পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৫ মে) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রো রেলে ২৫ শতাংশ ছাড়ের কার্ড উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের সময় কিছু ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালু করা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট রুটে ইতোমধ্যে দুটি কোচে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, ঈদের পর দেশের সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রবীণ ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও মেট্রো রেল ও আন্তঃনগর ট্রেনে ভাড়ায় ছাড়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের এই উদ্যোগ নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।