সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক নারী চোরাকারবারিকেও আটক করা হয়েছে।
শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৯ লাখ ১৬ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাতক্ষীরা সদরের জোড়াতাল গাছ এলাকা থেকে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা উদ্ধার করা হয়। এছাড়া কলারোয়ার রাজ্জাকের মোড় থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, শ্মশানঘাট এলাকা থেকে মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং বড়ালি আমবাগান এলাকা থেকে আরও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
অন্যদিকে, কলারোয়ার গোয়ালপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় রেহেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে বিজিবি। তিনি গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ধ্বংসের জন্য বিজিবির হেফাজতে সংরক্ষণ করা হয়েছে।