তিন মাস ধরে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করার পর এবার ইরানও পাল্টা আঘাতের দাবি করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে হামলার জন্য ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে। তবে কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানের উপসাগরীয় উপকূলে কয়েকটি সামরিক স্থাপনায় তারা অভিযান চালিয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়তে থাকা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনার জবাবে এই হামলা চালানো হয়।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করা হয়েছে। এসব ড্রোন ওই অঞ্চলের জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করছিল বলেও দাবি করে যুক্তরাষ্ট্র।
এদিকে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। ওই সময় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজে। কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি থাকলেও হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাঝেমধ্যেই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। শান্তিচুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
বিশ্লেষকদের মতে, চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।