বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও দক্ষতা উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশের শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রমে আরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা পূরণে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি মূল্যায়ন সম্পন্ন হলে তিস্তা মহাপরিকল্পনাও অনুমোদনের পথে এগোবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে। তিনি গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের চলমান সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক শাখার প্রধান মাইক পেনেল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।