জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শুনানিতে প্রথমে প্রসিকিউশন অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। পরে আসামিদের অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা বক্তব্য দেবেন।
এর আগে গত ১৩ মে ট্রাইব্যুনাল পলাতক ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দেন এবং অভিযোগ গঠন শুনানির জন্য ৪ জুন দিন ধার্য করেন।
মামলায় বর্তমানে পাঁচজন আসামি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। অপর এক আসামির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমনসহ আরও কয়েকজন রাজনৈতিক ও স্থানীয় নেতা।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। পরে ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।