চট্টগ্রামের সন্দ্বীপ ও পতেঙ্গা এলাকায় পরিচালিত পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও চোরাইকৃত জাহাজের সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সন্দ্বীপের বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় একটি সন্দেহভাজন বোটে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। উদ্ধারকৃত সিমেন্টের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা। এ ঘটনায় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে একই দিন রাত ৯টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে একটি বোট থেকে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১০ টন ওয়্যার রোপ, ২ টন বার্থিং হাউজার এবং একটি বাল্কহেড উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ৯ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, ব্যবহৃত বোট ও অন্যান্য আলামত জব্দের পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংস্থাটি আরও জানিয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।