বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নিয়েছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেছেন। একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তারেক রহমান দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করবেন। বিশেষ করে শ্রমবাজার, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে নতুন সুযোগ তৈরির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন।