হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই অভিনেতা সৌদি আরবে অবস্থানকালে ইসলাম গ্রহণ করেন।
তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, এসপোসিতো ইসলাম গ্রহণের সময় ‘শাহাদাহ’ পাঠ করেন। পরে তিনি একটি মসজিদে তার প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন।
তুর্কি আল-শেখ জানান, সৌদিতে কাজ করার সময় মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় এবং দেশটির ইতিবাচক পরিবেশ এসপোসিতোর ওপর গভীর প্রভাব ফেলে। এসব অভিজ্ঞতার পরই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে দাবি করা হয়।
তিনি আরও বলেন, সৌদিতে শুটিং চলাকালে পাওয়া আতিথেয়তা এবং স্থানীয় মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে এসপোসিতো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিনেতাকে একটি মসজিদের ভেতরে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজে অংশ নিতে দেখা গেছে।
দীর্ঘ অভিনয়জীবনে জিয়ানকার্লো এসপোসিতো ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সাউল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-সহ একাধিক জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। এ চরিত্রে অভিনয়ের জন্য তিনি একাধিক পুরস্কারের মনোনয়নও লাভ করেন।
সূত্র: সৌদি গেজেট