বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের একটি ভিডিও প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। কারণ, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া গান।
আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানকে মালয়েশিয়ায় স্বাগত জানানো থেকে শুরু করে পুরো সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে।
ভিডিওটির সঙ্গে যুক্ত করা হয়েছে হাবিব ওয়াহিদের ‘মহাজাদু’ গানটি। এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান এবং কোক স্টুডিও বাংলায় হাবিব ওয়াহিদের প্রথম পরিবেশনা।
ভিডিও প্রকাশের পর অল্প সময়েই তা ব্যাপক সাড়া ফেলে। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি লাখো মানুষের কাছে পৌঁছে যায়। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার ও মন্তব্য করেছেন।
‘মহাজাদু’ গানটিতে হাবিব ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। গানটির কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক, বাণিজ্য, শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
দুই দিনের মালয়েশিয়া সফর শেষে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।