আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে কেন্দ্র প্রধান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “নকল নেই, তবে নকলের ধরন পরিবর্তন হয়েছে। তাই পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। সাইবার আইন পরিবর্তন করা হচ্ছে, যাতে নকলের সহযোগীরা কোনোভাবেই পার পেতে না পারে।”
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে গত ১০ বছর ধরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি সংশ্লিষ্টদের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।