চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিটি দিনে পরীক্ষা চলাকালীন এ নির্দেশনা কার্যকর থাকবে।
এদিকে, বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।