অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগসহ অতীত ও বর্তমান সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। তাই যেকোনো সময় অভিযোগের তদন্ত করা সম্ভব।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা, আগের আওয়ামী লীগ সরকারের কোনো ব্যক্তি কিংবা বর্তমান সরকারের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে দুদকের উচিত স্বাধীনভাবে তদন্ত করা।
তিনি বলেন, সরকার চায় অতীত ও বর্তমান সব সময়ের দুর্নীতির অভিযোগ সমানভাবে তদন্তের আওতায় আসুক।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। কিছু গণমাধ্যম এ নিষেধাজ্ঞা মানছে না উল্লেখ করে তিনি আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। গণমাধ্যমের উচিত আইন ও প্রচলিত রীতিনীতি অনুসরণ করে দায়িত্বশীল ভূমিকা পালন করা।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।