টাকার অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
শনিবার রাঙ্গামাটির বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষার দায়িত্ব নেওয়ার সময় তিনি এ কথা বলেন।
বরকলের জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইশিকা চাকমা মাত্র ৭ হাজার টাকার অভাবে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছিল না। বিষয়টি জানার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে তার পরীক্ষার সব খরচ সরকারের পক্ষ থেকে বহনের ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে। ইশিকার স্বপ্ন পূরণে যা প্রয়োজন, সরকার তা করবে।
দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে ১০ লাখ টাকা বরাদ্দের কথাও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম করলে প্রত্যন্ত এলাকা থেকেও বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। সরকার শিক্ষার্থীদের পাশে আছে।
সভায় বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর প্রতিশ্রুতিও দেন মন্ত্রী।