ইউরোপীয় শ্রমবাজারে বাংলাদেশের তরুণ ও দক্ষ জনশক্তিকে বড় পরিসরে যুক্ত করতে বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি: মাস্টারপ্ল্যান’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। এই আয় বাড়াতে নতুন শ্রমবাজার তৈরি এবং দক্ষ মানবসম্পদ রপ্তানিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ দরকার।
তথ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক ও রেমিট্যান্স বর্তমানে বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস হলেও দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করতে বিকল্প খাতও গড়ে তুলতে হবে। তিনি পর্যটন খাতকেও সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন জনতাত্ত্বিক লভ্যাংশের সময় পার করছে। তাই তরুণদের শুধু শ্রমিক হিসেবে নয়, ভাষা, কারিগরি দক্ষতা, নৈতিকতা ও আচরণগত প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে।
সেমিনারে আগামী পাঁচ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি পাঠানোর একটি মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়। মন্ত্রী এ উদ্যোগ বাস্তবায়নে দক্ষ কর্মীদের ডাটাবেজ তৈরি ও নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করা এবং জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসনের দাবিও তুলে ধরা হয়।