পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে টহল, স্থাপন করা হয়েছে চেকপোস্ট ও কন্ট্রোল রুম।
রোববার গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে র্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
র্যাব জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে চাঁদাবাজি, ছিনতাই, জাল টাকা ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারা দেশে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি নগর এলাকায় জনসমাগম কমে যাওয়ায় ব্যবসায়ীদের বহন করা অর্থ ছিনতাইয়ের আশঙ্কা বিবেচনায় নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে।
ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য হাটগুলোতে ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। নগদ লেনদেনের ঝুঁকি কমাতে কার্ড ও ক্যাশলেস পদ্ধতিতে অর্থ পরিশোধে উৎসাহ দেওয়া হচ্ছে।
র্যাব আরও জানিয়েছে, জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল নোট চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এ ছাড়া কোনো পশুবাহী যানকে জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া হচ্ছে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
র্যাব আশা প্রকাশ করেছে, সবার সহযোগিতায় এবারও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন সম্ভব হবে।