ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে যাত্রী হয়রানি রোধে বিশেষ মোবাইল টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
সোমবার (২৫ মে) ঈদ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, কোরবানির পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদ জামাত এবং ঈদের সময় ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি পশুর হাটে পুলিশের দৃশ্যমান উপস্থিতির পাশাপাশি সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় শনাক্তকারী মেশিন ব্যবহার করা হচ্ছে এবং ডিবি ও সাদা পোশাকের বিশেষ টিম ২৪ ঘণ্টা কাজ করছে।
ডিএমপি কমিশনার আরও জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত মোবাইল টিম, ফুট পেট্রোল, চেকপোস্ট ও সিসিটিভি নজরদারি চালু রয়েছে। সায়েদাবাদ, গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
তিনি বলেন, পশুবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কঠোর নজরদারি রাখা হচ্ছে এবং নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও পশু নামাতে দেওয়া হবে না। পাশাপাশি মানি এসকর্ট সার্ভিস ও মোবাইল ব্যাংকিং সুবিধাও নিশ্চিত করা হয়েছে ব্যবসায়ীদের জন্য।
এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন ও যানজট রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ঢাকার প্রবেশ ও বাহিরপথে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানায় ডিএমপি।