জাপানে এশিয়ান গেমসের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠার আগেই চেনা প্রতিপক্ষ উত্তর কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) মাঠে নামছে বাংলাদেশ।
চলতি বছরের মার্চে এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার আইচি-নাগোয়ায় হতে যাওয়া এশিয়ান গেমসের ‘এফ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ পিটার বাটলার বাস্তববাদী থাকার বার্তা দিয়েছেন। প্রতিপক্ষ কঠিন হলেও শিষ্যদের ম্যাচ উপভোগ করার মন্ত্র দিয়েছেন ব্রিটিশ কোচ।
গত ৩১ আগস্ট এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য চীন সফরে যায় বাংলাদেশ। সেখানে ক্যাম্প করার পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলেন মারিয়া, মনিকারা।
তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া প্রসঙ্গে বাটলার বলেন, ‘ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, আমি বেশ কিছু তরুণ মেয়েকে সুযোগ দেবো। আমাদের মূল উদ্দেশ্য হলো এই বড় মঞ্চের সুযোগগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করা, শেখা এবং নিজেদের ফুটবলের উন্নয়ন ঘটানো।’
কঠিন চ্যালেঞ্জের কথা স্বীকার করেও ম্যাচ উপভোগের তাগিদ দিয়েছেন বাটলার। তিনি বলেন, ‘পরিস্থিতি কতটা কঠিন হতে যাচ্ছে, তা নিয়ে আমার বিন্দুমাত্র বিভ্রান্তি নেই। তবে এই কঠিন চ্যালেঞ্জের মাঝেও আমরা খেলাটি উপভোগ করতে চাই।’
গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষই শক্তিশালী এবং তিন দলই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে গত বছর এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা।
গ্রুপের কঠিন বাস্তবতা মেনে বাটলার বলেন, ‘আমরা ভালো করেই জানি যে এমন একটি গ্রুপে খেলছি, যেখানে এশিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দুটি দল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রয়েছে। এমনকি র্যাঙ্কিংয়ের বিচারে মিয়ানমারও আমাদের চেয়ে এগিয়ে।’
গেমসে গ্রুপ থেকে সেরা দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি তিন গ্রুপের সেরা তৃতীয় হওয়া আরও দুটি দল জায়গা করে নেবে শেষ আটে।