জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮২তম অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে টেকসই বায়োইকোনমি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে।
ব্যাংককে অনুষ্ঠিত অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশ রেজুলেশনটি উত্থাপন করে। সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে এটি গৃহীত হয়।
‘সাসটেইনেবল বায়োইকোনমি’ বিষয়ক এই রেজুলেশনে সার্কুলার অর্থনীতি, সম্পদের দক্ষ ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই বায়োইকোনমি ভ্যালু চেইন গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বায়োইকোনমি শুধু নতুন কোনো ধারণা নয়; জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি কার্যকর পথ।
বাংলাদেশের এ উদ্যোগে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তানসহ কয়েকটি দেশ সহ-পৃষ্ঠপোষকতা করে।
অধিবেশনে সব বয়সের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সামাজিক উন্নয়ন জোরদার সংক্রান্ত বাকু-ব্যাংকক ঘোষণাও গৃহীত হয়েছে।