জেলার কলমাকান্দা উপজেলায় অবৈধ বালু উত্তোলন করায় এক যুবককে কারাদণ্ড এবং ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নয়ানগর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. নাজমুল মিয়াকে (২৪) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত নাজমুল মিয়াকে বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের জন্য রাখা প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয়।
এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকার ইঞ্জিন অকেজো করে নৌকাগুলো জনসম্মুখে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা প্রায় ১০০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়রা মহাদেও নদে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।