ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদমতলী মোড়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযানকালে সিয়াম অটো পয়েন্ট নামের একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানের মালিক শাফায়েতকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় দোকানে মজুদ থাকা জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন যানবাহনের চালকদের কাছে বিক্রি করা হয়, যা উপস্থিত ভোক্তাদের মধ্যে স্বস্তি ফেরায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম জানান ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।