কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলজাত পানীয়ের ক্ষেত্রে বৈষম্যমূলক বাণিজ্যনীতি অনুসরণ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এ সিদ্ধান্ত আদেশ জারির ৩০ দিন পর কার্যকর হবে।
১৯৩০ সালের মার্কিন শুল্ক আইনের ৩৩৮ ধারা অনুযায়ী কানাডার ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন আমদানিকৃত পণ্যের ওপর নতুন এই ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এসব পণ্য ‘যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা (ইউএসএমসিএ)’ বাণিজ্য চুক্তির আওতায় উৎপাদিত হলেও শুল্কের বাইরে থাকবে না।
তবে মার্কিন জ্বালানি, পটাশ, মাছ এবং গুরুত্বপূর্ণ খনিজসহ কয়েকটি নির্দিষ্ট পণ্য এ শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।
হোয়াইট হাউসের তথ্যমতে, কানাডার আরোপিত শুল্ক ও কোটা ব্যবস্থার কারণে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কানাডায় মার্কিন গাড়ি রপ্তানি ২২ শতাংশ এবং অ্যালকোহল রপ্তানি প্রায় ৮১ শতাংশ কমে গেছে।
মার্কিন প্রশাসনের দাবি, বাণিজ্য বৈষম্য দূর করা এবং দেশীয় ব্যবসা ও শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য পাল্টা ব্যবস্থা নিয়েছে মূলত চীন ও কানাডা।
সম্প্রতি দাবানলের ধোঁয়া দুই দেশের সীমান্তে ছড়িয়ে পড়া নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা হয়। ওই ইস্যুতে ওটাওয়াকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পরই কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা আসে।