গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এ জন্য ফিলিস্তিনিদের আশ্রয় দিতে পারে—এমন কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজার প্রতিটি ফিলিস্তিনির অন্য কোথাও চলে যাওয়ার স্বাধীনতা থাকা উচিত। তবে তাঁদের গ্রহণ করতে আগ্রহী দেশ খুঁজে পাওয়াই বড় চ্যালেঞ্জ।
নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের বিষয়ে তিনি নিজেই জোরালোভাবে কাজ করছেন। এ ক্ষেত্রে কিছু প্রাথমিক অগ্রগতিও হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সম্ভাব্য দেশগুলোর নাম কিংবা সংশ্লিষ্ট আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজার ৬০ শতাংশের বেশি এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এসব এলাকায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় ইসরায়েল।
এর আগে ইসরায়েলের কট্টরপন্থী নেতারাও গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিলেন। তবে ফিলিস্তিনিরা এবং বিভিন্ন আরব দেশ এ ধরনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের ইসরায়েলি হামলায় গাজার ঘরবাড়ি, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অঞ্চলটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের উদ্যোগ তাঁদের নিজ ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি আরও বাড়াতে পারে।
সূত্র: মিডল ইস্ট মনিটর