চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, মঙ্গলবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর এলাকা থেকে ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। একই সময়ে রঘুনাথপুর বিওপির সদস্যরা দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেন। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ হওয়া মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জেলার শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৯টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে। তেলকুপি ও চাঁনশিকারী বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
৫৯ বিজিবির অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, জব্দ হওয়া মোবাইল ফোনগুলো নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।