নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এ ব্যবস্থার আওতায় নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাবেন গ্রাহক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, প্রজ্ঞাপনটি ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা এবং ১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে কোনো গ্রাহক নির্ধারিত উৎপাদন ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লাভ হিসেবে বিবেচিত হবে।
যারা পাবেন প্রণোদনা
নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহকারী গ্রাহকেরা এ বিশেষ প্রণোদনার আওতায় আসবেন।
এ সুবিধা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ যোগ্য গ্রাহকেরা পরবর্তী তিন বছর জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাবেন।
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সংশ্লিষ্ট গ্রাহকের তথ্য এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ সংরক্ষণ করবে। প্রণোদনাসহ বিদ্যুতের মূল্য প্রতি তিন মাস অন্তর গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। কোনো অবস্থাতেই এ অর্থ নগদে দেওয়া হবে না।
তবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর স্থাপন করা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এ বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ সব যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।
এ বিষয়ে গ্রাহকেরা বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা পাবেন।
সরকারের আশা, নতুন এ প্রণোদনার ফলে দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে। একই সঙ্গে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানো এবং দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।