জন্মগত জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমে শিশুটির অসুস্থতার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে প্রয়োজনীয় চিকিৎসাসহ সার্বিক সহায়তার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার (২০ জুলাই) কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। সেখানে তারা শিশুটির চিকিৎসার অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় সমন্বয় করেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড আনিফার শারীরিক অবস্থা, চিকিৎসাসংক্রান্ত নথি এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে। বোর্ডের সদস্যরা শিশুটির রোগকে অত্যন্ত জটিল ও সংকটাপন্ন (ক্রিটিক্যাল) বলে উল্লেখ করেন।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছালে আনিফার চিকিৎসার বিষয়টি তাদের সামনে উপস্থাপন করা হবে। দেশীয় ও চীনা বিশেষজ্ঞদের যৌথ পরামর্শের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বিদেশে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিনিধি দলের সদস্যরা আনিফার পরিবারের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময় তারা পরিবারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভকামনা ও সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন।