গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমান সরকারও তাঁর আদর্শ ও রাষ্ট্রচিন্তাকে সামনে রেখে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
শনিবার কুমিল্লার বরুড়া উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে স্থানীয় হাজারো মানুষ অংশ নেন।
মন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা সংরক্ষণ এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে।
বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। স্থানীয় বাসিন্দাদের জন্য এ ধরনের উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম হিসেবে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কায়সার আলম সেলিম, আসাদুজ্জামান রনি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।