পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপির নেতৃত্বের বিকল্প নেই। তিনি দাবি করেন, বিএনপি রাষ্ট্রীয় স্বার্থ, জনগণের অধিকার এবং জাতীয় উন্নয়নের প্রশ্নে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে এসেছে।
শনিবার ফেনীর দাগনভূঞায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে জাতির সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিয়েছেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় তাঁর দূরদর্শী নেতৃত্ব দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলেও তাঁর আদর্শ ও রাষ্ট্রচিন্তা দেশের মানুষের মাঝে আজও প্রাসঙ্গিক। সেই আদর্শকে ধারণ করে খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও উন্নয়নের ধারা এগিয়ে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে দেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণ, উন্নয়ন এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
সভায় তিনি সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এ সমস্যা মোকাবিলায় অভিভাবক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে জনগণের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএনপির নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।