মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।
চিফ হুইপ জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনে সম্মত হন।
কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। কমিটিতে সরকার ও বিরোধী দলের মোট ১০ জন সদস্য রয়েছেন।
এই কমিটি সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করবে এবং সুপারিশসহ সংসদে প্রতিবেদন দাখিল করবে।