টেকসই নগর উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জাইকা বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সভায় ডিএনসিসির প্রশাসক নগর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে জাইকার ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তুলতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাইকার প্রতিনিধি দলও ডিএনসিসির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও টেকসই ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। এ সময় ডিএনসিসি প্রশাসক জাইকার প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরের জন্য ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় ঢাকার নগর উন্নয়নে জাইকার দীর্ঘদিনের অবদান, কারিগরি সহায়তা, সক্ষমতা উন্নয়ন, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবার উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান (২০১৮-২০৩২) এবং চলমান ‘প্রজেক্ট ফর ওয়েস্ট রিডাকশন অ্যান্ড সাপোর্ট ফর বিল্ডিং অ্যা সাসটেইনেবল সোসাইটি’-এর অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পের আওতায় বর্জ্য হ্রাস, অবৈধ বর্জ্য ফেলার স্থান নিয়ন্ত্রণ, সম্পদ পুনরুদ্ধার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে এসব কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
সভায় জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো নতুন প্রযুক্তি সরবরাহ, ওয়ার্কশপ নির্মাণ, নতুন ল্যান্ডফিল নির্মাণে কারিগরি সহায়তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার আশ্বাস দেন।
জাইকার প্রতিনিধি দলে আরও ছিলেন প্রতিনিধি হিদেকি ওসাওয়া এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের দীর্ঘমেয়াদি বিশেষজ্ঞ মাতসুকুরা ইউ (কাগাসে)। অন্যদিকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জুলাই জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন করেন। এর মধ্যে একটি স্টেশনে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত জে-ড্রাম (J-DRUM) প্রযুক্তির কার্যকারিতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ প্রযুক্তি দেশের আরও বিভিন্ন এলাকায় সম্প্রসারণের আশা ব্যক্ত করেন।