ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর ময়লা-আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাতে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ, ড্রেন ও পানি নিষ্কাশনব্যবস্থা পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমও শুরু হয়েছে।
এর আগে একই দিন কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করা হয়। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য ও পুরোনো ময়লার স্তূপ দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীকে পরিচ্ছন্ন রাখা, জলাবদ্ধতা প্রতিরোধ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।