ঢাকা, ৮ মে ২০২৬: দক্ষ মানবপুঁজি তৈরি ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা খাতের মানোন্নয়ন ও আমূল পরিবর্তনের জন্য জিডিপির ৫ শতাংশ এই খাতে ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দক্ষ মানবপুঁজি তৈরি করতে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি। বিগত সরকারের সময় শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ড. এহছানুল হক মিলন আরও বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম স্থাপনের দিকে এগোচ্ছে।
তিনি বলেন, ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নের ক্ষেত্রে আগে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল। তবে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে।