চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রবিবার (১৪ জুন) ভোর ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি নজরে আসার পর বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে রেখে আসে। পরে তারা কোথায় অবস্থান নিয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পুশ ইনসহ সীমান্তের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি করছে।