দেশে কোরবানিসহ সামগ্রিক চাহিদার তুলনায় বর্তমানে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু রয়েছে। এর বিপরীতে চাহিদা প্রায় ১ কোটি ১ থেকে ২ লাখের মতো। ফলে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ এখন স্বাবলম্বী।
তিনি বলেন, শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়, ভবিষ্যতে মাংস রপ্তানিতেও বাংলাদেশ এগিয়ে যাবে। ইতোমধ্যে বেঙ্গল মিট তাদের প্রসেসিং সেন্টারের মাধ্যমে গরুর মাংস রপ্তানি শুরু করেছে।
খামারিদের সহায়তা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল থেকে উদ্বোধন হওয়া বিশেষ কৃষি কার্ডের আওতায় এখন কৃষকদের পাশাপাশি খামারিরাও অন্তর্ভুক্ত হবেন। এর মাধ্যমে তারা ঋণ সুবিধাসহ বিভিন্ন সরকারি সহযোগিতা পাবেন।
তিনি আরও বলেন, সরকার প্রাণিসম্পদ খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন হলে প্রান্তিক মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে। দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খামারিদের পাশে থাকবে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষি ঋণ মওকুফসহ কৃষকবান্ধব নানা উদ্যোগ নিয়েছে। একইভাবে খামারিদের জন্যও সহায়তা ও বাজার সংযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বগুড়ার প্রাণিসম্পদ সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চল খামার, দুগ্ধ উৎপাদন, মাংস উৎপাদন এবং নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি টিএমএসএস-এর ড. হোসনে আরা বেগম এবং নারী উদ্যোক্তা আফসানা নীরার সফলতার উদাহরণ তুলে ধরে বলেন, নারীরা প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছেন।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ।
সেমিনার শেষে প্রতিমন্ত্রী বগুড়া সদরের জয়পুর পাড়ায় একটি আধুনিক কসাইখানা এবং নিশিন্দারার কারবালা এলাকায় নবনির্মিত বগুড়া জেলা প্রাণিসম্পদ ভবনের উদ্বোধন করেন।