দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।’
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জুবাইদা। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে। এ রোগ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি প্রতিষ্ঠা করা জরুরি।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।’