বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় মাদকগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আশারতলী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি কার্টনে রাখা ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৮৯ হাজার ১৬ পিস হলুদ রঙের এবং ৯০০ পিস সবুজ রঙের ইয়াবা ছিল। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পলাতক চোরাকারবারিদের শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, দেশের সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক প্রবেশ করতে না দিতে বিজিবি বদ্ধপরিকর এবং মাদক ও অন্যান্য চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।