ওমান উপকূলের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি ট্যাংকারের কাছে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কেন্দ্র।
ইউকেএমটিও জানায়, ওমানের কুমজার থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল (১৬ দশমিক ৭ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে ঘটনাটি ঘটে। বিলম্বিত একটি প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ট্যাংকারটির ক্যাপ্টেন দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে জাহাজ ও নাবিকেরা নিরাপদ আছেন। এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষতি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ওই রুটে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালি ঘিরে আগে থেকেই অস্থিরতা বিরাজ করছে। ওয়াশিংটন এ জলপথে অবাধ নৌচলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে তেহরান বলছে, তাদের উপকূলীয় জলসীমায় জাহাজ চলাচল তাদের কঠোর তত্ত্বাবধানেই হওয়া উচিত।
এর আগে আঞ্চলিক মধ্যস্থতার কারণে ইরানের ওপর পরিকল্পিত মার্কিন সামরিক হামলা বাতিল করা হয়েছিল বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি কর্মকর্তারা সেই দাবি নাকচ করেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়েছে—এমন খবরও তারা অস্বীকার করেন।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ট্যাংকারের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা