নাগরিক সেবা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সকালে সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়গুলো তদারক করা হয়। ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অভিযানকালে প্রশাসক ফুটপাত, বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয়। ফুটপাতে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকান বাজেয়াপ্ত করা হয়। নেওয়া হয় আইনগত ব্যবস্থা।
জনস্বার্থে এ ধরনের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।