রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর চিড়িয়াখানায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আপত্তিকর অবস্থায় ও সামাজিক শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপে লিপ্ত থাকায় ২৭ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। এদের মধ্যে ১৪ জন তরুণ ও ১৩ জন তরুণী রয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। আটককৃতদের কেউ কেউ স্কুল-কলেজ ফাঁকি দিয়ে চিড়িয়াখানায় গিয়ে এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের কোতোয়ালি থানার হাজতখানায় রাখা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ‘পার্কসহ বিভিন্ন বিনোদন স্পটে সামাজিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে, যার কারণে পরিবার-পরিজন নিয়ে সেখানে যাওয়া সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয় এবং হাতেনাতে তাদের আটক করা হয়েছে।’