নেপালের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রদূত নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার গতিশীল নেতৃত্বে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত বলে উল্লেখ করেন।
সাক্ষাতে রাষ্ট্রদূত শফিকুর রহমান দ্বিপাক্ষিক বাণিজ্য, পিটিএ দ্রুত চূড়ান্তকরণ এবং জলবিদ্যুৎ খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পর্যটন খাতের উন্নয়ন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে পোখারা ও কক্সবাজারের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন।
রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান দুই দেশের বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে একটি সুনির্দিষ্ট কৌশলগত সহযোগিতা কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনী ম্যান্ডেট ও জনগণের ব্যাপক সমর্থনের প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।
রাষ্ট্রদূত আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও শান্তির লক্ষ্যে দুই দেশের প্রচেষ্টায় যে গতি ও সমন্বয় বিদ্যমান রয়েছে তা কাজে লাগাতে এবং আরও জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।