দশমীবিহিত পূজা, দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পটুয়াখালীতে আজ শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
বুধবার সকালে জেলার ১৯৪টি পূজামণ্ডপের অধিকাংশে দশমীবিহিত পূজা ও বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্য মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। দুপুরের পর বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
এর আগে মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন পূজামণ্ডপে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। নাচ-গানসহ নানা আয়োজনে উৎসবে মেতে ওঠেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ। তবে উৎসবের আনন্দের মধ্যেও দেবী দুর্গাকে বিদায় জানানোর বেদনা ছিল ভক্তদের হৃদয়ে।