পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও সহিংসতার কোনো স্থান নেই। তিনি এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং এই দুর্যোগপূর্ণ সময়ে পাকিস্তানের জনগণের পাশে থাকার আশ্বাস দেন।
রোববার সকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর সেনানিবাস এলাকা থেকে ট্রেনটি যাত্রা শুরু করার পরপরই বিস্ফোরণ ঘটে।
প্রাথমিক খবরে জানা গেছে, ভয়াবহ ওই বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও অন্তত ৮২ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।