পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বেলুচিস্তানের মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান চালানো হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ৪৮ ঘণ্টার অভিযানে ৩৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে কোয়েটার শাবান এলাকায় সংঘর্ষে ২৬ জন, মাস্তুংয়ে ছয়জন, কালাতে দুজন এবং সিবির ভাগ এলাকায় একটি থানায় হামলার চেষ্টার সময় আরও দুজন নিহত হন।
এর আগে বুধবার বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আরও ১২ জন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা জানায় আইএসপিআর। এ দুই দফার অভিযানে মোট নিহতের সংখ্যা ৪৮ বলে জানিয়েছে সংস্থাটি।
আইএসপিআর আরও জানায়, অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ধ্বংস করা হয়েছে। এলাকাগুলোতে কোনো সন্ত্রাসী অবস্থান করলে তাদের খুঁজে বের করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা ও সহিংসতা বেড়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে এই দুই প্রদেশ। দেশটিতে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই এই দুই প্রদেশে মারা গেছেন।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৪৭৫ জন বা ৬১ শতাংশের বেশি খাইবার পাখতুনখোয়ায় এবং ২৬৫ জন বা ৩৪ শতাংশ বেলুচিস্তানে নিহত হয়েছেন। এ ছাড়া খাইবার পাখতুনখোয়ায় ১৫১টি এবং বেলুচিস্তানে ৯৪টি সহিংসতার ঘটনা ঘটেছে।