বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ করে টেকসই পানি ব্যবস্থাপনা, নদী সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মানবসম্পদ উন্নয়ন খাতে ডাচ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার পানিসম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও গুরুত্ব পায়।
পানিসম্পদমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা পালন করে আসছে। পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে দেশটির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান।
জবাবে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই নদীবিধৌত ও বদ্বীপভিত্তিক দেশ হওয়ায় দুই দেশের মধ্যে অভিন্ন অনেক চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা রয়েছে। এ কারণে ডেল্টা পরিকল্পনা, নদী ব্যবস্থাপনা এবং জলবায়ু অভিযোজনের মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগও ব্যাপক।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, টেকসই নদী ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে নেদারল্যান্ডস ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।
সাক্ষাৎকালে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া নেদারল্যান্ডস দূতাবাসের ওয়াটার অ্যান্ড ক্লাইমেট বিষয়ক ফার্স্ট সেক্রেটারি ইংআ ক্লাসেনও বৈঠকে অংশ নেন।