স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত ও জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কর্মকাণ্ডে স্বচ্ছতাও নিশ্চিত করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রংপুরে একটি ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পর যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে।
রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত প্রতিটি অপরাধের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এর চেয়ে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা মনে হয় ঠিক হবে না।’