‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
সকালে রাজারবাগ মাঠে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে তিনি অভিবাদন গ্রহণ করবেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
পুলিশ সপ্তাহের অন্যতম প্রধান আকর্ষণ হলো সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান অনুষ্ঠান। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পদকপ্রাপ্তদের নাম সংবলিত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।
পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাজারবাগ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সপ্তাহজুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের সেবা কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।