জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, পেনশন আবেদন ও মঞ্জুরির ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি কমানোর লক্ষ্যে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ওপিটিএমএস ব্যবস্থার মাধ্যমে পেনশনভোগীরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন জমা, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং প্রয়োজনীয় কাজ করতে পারবেন। এর ফলে সময় ও হয়রানি কমার পাশাপাশি এ সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজ নিয়ে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হয়ে থাকেন।ওপিটিএমএস চালু হলে দ্রুত সময়ে পেনশন প্রাপ্তিও নিশ্চিত সম্ভব হবে। অনলাইনে সেবার ফলে দুর্নীতি অনেকটাই কমে যাবে।
এ ছাড়া তিনি শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনভোগীদের ব্যাপারে বলেন, বিদ্যমান বিধান মোতাবেক, ১৫ বছরের পুনঃস্থাপন মেয়াদ শেষ হওয়ার আগে যদি কোনো পেনশনভোগীর মৃত্যু হয়, তাহলে তার পরিবার পেনশন পুনঃস্থাপনের সুবিধা পায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ন্যায্যতা নিশ্চিত করার জন্য এই নীতি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।