জাতীয় প্রেসক্লাবের সামনে বধির ও বাক্প্রতিবন্ধীদের মানববন্ধনের ভিডিও ব্যবহার করে ‘প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে গেছে’—এমন ভুয়া দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাস্তবে প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়নি; বরং সরকার এর আওতা বাড়ানোর কাজ করছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
গত ১০ মে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে বধির ও শ্রবণপ্রতিবন্ধীরা ১৫ দফা দাবিতে মানববন্ধন করেন। ভিডিওতে দেখা যায়, প্রতিবন্ধীরা জাতীয় পতাকা হাতে ও মাথায় বেঁধে ইশারা-ইঙ্গিতে তাদের দাবি তুলে ধরছেন। তবে এই ভিডিওটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে।
‘এ্যাডঃ ফয়জুল করিম মুবিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১১ মে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, শেখ হাসিনার সময় চালু করা প্রতিবন্ধী ভাতা বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে। পোস্টটি দুই লাখের বেশি দেখা হয়েছে এবং হাজারের বেশি শেয়ার হয়েছে। একই ভিডিও আওয়ামী লীগ সমর্থকসহ বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে ছড়ানো হয়। অনুসন্ধানে ৩৫টির বেশি পেজ ও প্রোফাইলে একই ধরনের পোস্ট পাওয়া গেছে।
ফয়জুল করিম মুবিন প্রথম আলোকে জানান, তার নামে কোনো ফেসবুক পেজ নেই।
প্রকৃত ঘটনা কী?
দৈনিক সমকাল ও অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বধির ঐক্য পরিষদ ১৫ দফা দাবি উত্থাপন করে। এর মধ্যে প্রধান দাবিগুলো হলো—প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করে মাসে ৫ হাজার টাকা করা, বিনা মূল্যে চিকিৎসা, পরিবহনে হাফ ভাড়া ও কর্মসংস্থান নিশ্চিত করা। আন্দোলনের পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে তাদের প্রতিনিধিদলের বৈঠক হয়। প্রতিমন্ত্রী দাবিগুলো শোনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সামাজিক নিরাপত্তা–০৩) শিলা রানী দাস বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রতিবন্ধী ভাতা বন্ধের তথ্য সম্পূর্ণ মিথ্যা। বরং প্রতিবন্ধী ভাতার আওতা আরও বাড়ানোর কাজ চলছে। প্রতিবন্ধীদের ফ্যামিলি কার্ড প্রদানেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, প্রতিবন্ধীদের সব স্থানে প্রবেশগম্যতা নিশ্চিত করতে নতুন সুপারিশ তৈরি করা হয়েছে, যা আসন্ন বাজেটে প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।
এ ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অফিসিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করে শেয়ার করার আহ্বান জানিয়েছেন।
প্রতিবন্ধী ভাতা বন্ধের দাবি ভুয়া: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য ভুল
10