বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার এইচই অজিত সিং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে সেনাবাহিনীর এভিয়েশন সক্ষমতা, প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং সামগ্রিক নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এ সময় কানাডার হাইকমিশনার বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখায় জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পায়।
কানাডা আঞ্চলিক স্থিতিশীলতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।